কাকডাকা সন্ধ্যায়

বিরামহীন দিনের আলপনা শেষে

ঠিক কাকডাকা সন্ধ্যায়

আমার ইচ্ছেকলা মোহাচ্ছন্ন আঁধারে

বিমূর্ত যাপনের বিধ্বস্ত মুখ ভেসে ওঠে;

দীর্ঘপথের জাগতিক ধ্রুপদী ডাক শুনে

বিবর্ণ অতীতের মতো পৃথিবী নবায়ন হচ্ছে

তোমার নৈঃশব্দ্য মুখরিত অনন্তকাল

তুমি আবার দীর্ঘজীবী হও আয়ুষ্কাল

বিভ্রম রাত আমার আর্তনাদ শেষে

গিলে খায় আলোর সংকেত

নুহর কিস্তির মতো ভেসে যাচ্ছি

পুনর্জন্ম কোন মানব লোকালয়ে

দ্বিধাহীন কাকডাকা সন্ধ্যায়

নিঃসঙ্গ রাতের ব্যাথাতুর যাপনে

মানুষ কি পরস্পর ভুলে গিয়ে

মৃত্যুর মিছিলে অপেক্ষমাণ।