অতি ব্যক্তিগত

হূদয়ের অতিচেনা দিনগুলো আর রাতগুলো

কেউ কি এঁকে নেবে—

পাতার আড়ালে কুঁড়ির নবীন কাঁচা সবুজ :

 

কালের ছায়ানিবিড়ে—সুখের বাস্তুভিটা

ভোর সকালের ঝরা শেফালি

কেউ কি আমায় পরিয়ে দেবে

বকুল-বকুল মালা :

 

জানি—বেঁধে দিয়েছো জমকালো দিন

চারিদিকে নানান নমুনা

জীবনের দীর্ঘতা সময়ের আলোছায়া

ভেতরে বাহিরে যথাতথা :

 

কেননা তৈরি হতে থাকে সাহসে

নিরাশায় বিরহে আনন্দে কথার বাঁধনে

ধ্বনি-প্রতিধ্বনি

জড়িয়ে ছড়িয়ে তাই কতোশতো স্বপ্নজাল

এতো ছলাকলা জল-আগুনে অনিবার

 

অকস্মাত্ কেউ টোকা দেয় দৃশ্যে অদৃশ্যে

হূদয়ে তুমি...