পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ও বুধবার রাতে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

কুমিল্লা :কুমিল্লায় ট্রাক-সিএনজির সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরো তিন জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন— তাছলিমা আক্তার এবং মমতা আক্তার। সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন। মৃত কাভার্ড ভ্যানের চালক মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকার বাসিন্দা ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাংশা (রাজবাড়ী) :পাংশায় গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—মুক্তার হোসেন ও রাকিব উদ্দিন। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুই যুবককে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।