স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরীর রিয়াদ এন্টারপ্রাইজ নামের একটি পলিথিন উত্পাদনকারী কারখানা থেকে বুধবার সন্ধ্যায় দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কারখানার সয কার্যক্রম বন্ধ এবং ম্যানেজারকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।
তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধায় নগরীর শালবন মিস্ত্রিপাড়ার শিয়ালুর মোড়ের রিয়াদ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় কারখানার দায়িত্বে থাকা ম্যানেজার মওলা বকশ বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানমের ভ্রাম্যমাণ আদালত ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে নিবন্ধন না করা পর্যন্ত কারখানার সকল কার্যক্রম ও উত্পাদন বন্ধ রাখার আদেশ দেওয়া হয়। অভিযানে রংপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনসহ মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।