দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির বা ২৭ দশমিক ৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের দিন বুধবার আইসিবির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৩ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৫ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১২ দশমিক ৩০ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আইসিবি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯ দশমিক ২০ শতাংশ, আজিজ পাইপসের ৮ দশমিক ৯৪ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৮ দশমিক ৭৫ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৮ দশমিক ৪৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭ দশমিক ৬৯ শতাংশ, ন্যাশনাল টির ৭ দশমিক ৪৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৭ দশমিক ২১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭ দশমিক ০১ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৬ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।