বেলফোর্টের হ্যাটট্রিকে আবাহনীর বড় জয়

গতকাল প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে আবাহনী ৮-০ গোলে জিতেছে। জুয়েলের দুটি গোল ছাড়া বাকি সবগুলোই গোল করেছেন বিদেশি ফুটবলাররা। হ্যাটট্টিক করেছেন হাইতির ফুটবলার বেলফোর্ট। তার গোল চারটি ছাড়াও নাইজেরিয়ান সানডে চিজোবা এবং ব্রাজিলিয়ান রাফায়েল একটি করে গোল করেন। এটাই লিগের সবচেয়ে বড় জয়। শুধু তাই নয়, পেশাদার লিগেও এত বড় জয় আর পায়নি আবাহনী।

দলের ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রূপু বললেন, ‘আমি মনে করতে পারছি না।’ ২০০৭ সালে আবাহনী ৭-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছিল। পেশাদার লিগে আবাহনী সবচেয়ে বড় জয়। ২০১৪ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৯-১ গোলে ফরাশগঞ্জকে হারিয়েছিল। একই বছর মুক্তিযোদ্ধা ৮-০ গোলে হারিয়েছিল বারিধারাকে।  আর এক ম্যাচে ৪ গোল করার রেকর্ড আরো ১১টি আছে।

গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে উত্তর বারিধারা ক্লাব নিজেদের শেষ ম্যাচ খেলেছে। আবাহনীর ম্যাচ এখনো বাকি আছে একটি। সেটি বসুন্ধরা কিংসের বিপক্ষে। এএফসি কাপে খেলতে যাওয়ার কারণে বসুন্ধরার তিন ম্যাচ বাকি রয়েছে। উত্তর বারিধারা ক্লাবের চার বিদেশির মধ্যে গতকাল আবাহনীর বিপক্ষে এক জনও মাঠে নামেননি। দুই জন উজবেক এক জন আইভরিকোস্টের, একজন মিশরের। আইভরিকোস্টের ফুটবলার ঢাকায় আছেন। কিন্তু ইনজুরিতে থাকায় মাঠে নামতে পারেননি। আর বাকিরা সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পরই চলে গেছেন। আবাহনীর জন্য সুবিধাই হয়েছে। প্রতিপক্ষ দলের শক্তি বিদেশি খেলোয়াড়রা ছিল না। একতরফা ম্যাচ খেলে নিজেদের নামে ৮ গোলের জয়টা লিখে নিয়েছে। আবাহনী যদি লিগ রানার্সআপ হয় তাহলে আগামী এএফসি কাপে খেলতে পারবে। তবে এএফসি কাপ নিয়ে আবাহনীর আগ্রহ আছে কি না, সেটাও একটা প্রশ্ন। লিগ চ্যাম্পিয়ন হওয়াতে বসুন্ধরা আগামী এএফসি কাপে খেলছে এটা নিশ্চিত হয়ে গেছে। বসুন্ধরার বিপক্ষে আবাহনীর শেষ খেলা বসুন্ধরার বিপক্ষে। ২৩ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে আবাহনী তৃতীয় স্থানে। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল। আবাহনী যদি বসুন্ধরাকে হারাতে পারে তাহলে পয়েন্ট সমান হবে এবং সেই সঙ্গে শেখ জামালের আজকে মোহামেডানের বিপক্ষে হার কামনা করতে হবে।

আজকের খেলা :পুলিশ-শেখ রাসেল এবং মোহামেডান-শেখ জামাল। বেলা ২টা ও ৪টা ১৫, আর্মি স্টেডিয়াম। আরামবাগ-রহমতগঞ্জ এবং ব্রাদার্স-সাইফ স্পোর্টিং। ৩টা ও ৫টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম। চট্টগ্রাম আবাহনী-মুক্তিযোদ্ধা। ৫টা ১৫, কমলাপুর স্টেডিয়াম।