পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হচ্ছেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ। এরই মধ্যে পিসিবির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন এহসান মানি। তিন বছরের পূর্ণ মেয়াদে গত ২৫ আগস্ট শেষবারের মতো অফিস করেন তিনি।
গত ২৩ আগস্ট রমিজ এবং মানিকে নিয়ে মিটিংয়ে বসেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সেই মিটিংয়ে পাকিস্তান ক্রিকেট নিয়ে ইমরানকে নিজের পরিকল্পনার কথা জানান রমিজ। তিন দিন পর ইমরানের সবুজ সংকেত পেয়ে রমিজ বলেন, ‘আমার লক্ষ্য হলো পাকিস্তান ক্রিকেটের জিপিএসকে পুনরায় সেট করে, সেটাকে শ্রেষ্ঠত্বের পথে নিয়ে যাওয়া।’
ওদিকে মেয়াদ বাড়াতেই পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মানি। কিন্তু বয়স বেড়ে যাওয়ায় আইসিসি ও পিসিবিসহ ক্রিকেট প্রশাসনে অভিজ্ঞ এই লোককে বিবেচনায় আনেননি ইমরান। তাছাড়া মানির কার্যক্রমে সন্তুষ্ট ছিলেন না তিনি। এই পদ চালানোর জন্য বেশ ক্ষমতাবান লোকের দরকার, বিশেষ করে আইসিসি ফোরামগুলোতে যেখানে পিসিবির বন্ধু সংখ্যা খুবই কম।
অন্যদিকে ইমরানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রমিজ। পাকিস্তানের হয়ে খেলেছেন ৫৭ টেস্ট ও ১৯৮ ওয়ানডে। বিশ্ব ক্রিকেটাঙ্গনে রমিজকে চিনেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতে বন্ধুর কোনো কমতি নেই এই ধারাভাষ্যকারের। সেজন্যই সাবেক সতীর্থকে নির্বাচিত করেছেন ইমরান।
রমিজের নিয়োগে কিছু প্রক্রিয়া বাকি আছে। দুই জন মনোনীত প্রার্থীর এক জন হওয়ায় প্রথমে তার নাম পিসিবির বোর্ড অফ গভর্নরে (বিওজি) পাঠানো হবে। অন্য আরেক জন বিওজি সদস্য যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে নির্বাচন হবে। কিন্তু প্রধানমন্ত্রীর বাছাই করা প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নেই বললেই চলে।