চট্টগ্রামে শুরু হচ্ছে কিশোর ফুটবল

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল উত্সবের রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে এবার শুরু হতে যাচ্ছে কিশোর ফুটবল লিগ। অনূর্ধ্ব-১৫ বছর বয়সি ফুটবল খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেওয়ার জন্য এ লিগের আয়োজন করছে চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া লিগে ১১টি দল গ্রুপ লিগ ভিত্তিতে অংশ নিচ্ছে। পরবর্তী সময়ে তিন গ্রুপের তিন দলকে নিয়ে সুপার থ্রি পর্ব এবং সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দুই দলকে নিয়ে হবে ফাইনাল খেলা। ১১ সেপ্টেম্বর লিগের ফাইনাল।

লিগের স্পন্সর এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ। সর্বমোট ১৯টি ম্যাচের জন্য বাজেটের ৩ লাখ টাকার মধ্যে তারা দিচ্ছে ২ লাখ টাকা। প্রত্যেক দলের খেলোয়াড়দের জন্য জার্সি ও প্যান্ট প্রদান করা হবে আয়োজকদের পক্ষ থেকে।