তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, প্রচণ্ড হতাশায় নিমজ্জিত হয়ে বিএনপি নেতারা আবোল-তাবোল বলছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না’ মর্মে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দলের নাম আওয়ামী লীগ। আর যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ স্লোগান দেয়, তাদের দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। তারা কোন চেতনা ধারণ করে, সেটিই প্রশ্ন।
তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু তাই নয়, ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে যেখানে হাতেগোনা দু-এক জন ছাড়া বেশির ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা নয়, তাদের নিয়ে সমাবেশ করে মির্জা ফখরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন, এতে তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে এবং সত্যিই মনে হচ্ছে তার স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।’