মুগদায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে খুন

বিশেষ প্রতিনিধি

রাজধানীর উত্তর মুগদায় পাওনা টাকা চাওয়ায় নাসির মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  তিনি পেশায় রিকশাচালক ছিলেন। নিহত নাসিরের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়। পরিবার নিয়ে উত্তর মুগদার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। রিকশা চালানোর পাশাপাশি কাঁচামালও বিক্রি করতেন নাসির।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ জানান, টাকাপয়সার লেনদেনকে কেন্দ্র করে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন নাসির। পরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু  হয়। তিনি আরো জানান, এ ঘটনায় নিহত নাসিরের স্ত্রী ফরিদা বেগম ছয় জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। মামলায় খুকি নামে এক জনকে  গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।