ভোলার গ্যাস দিয়ে বরিশালে শিল্প কারখানা স্থাপনের দাবি

বরিশাল অফিস

এশিয়া এনার্জি কোম্পানিকে (জিসিএম) দেশ থেকে বহিষ্কার, নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহার, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা এবং বিদেশি কোম্পানিকে না দিয়ে দেশীয় কোম্পানিকে ভোলার গ্যাস উত্তোলনের দায়িত্ব দিয়ে বরিশালে গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচির আয়োজন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির বরিশালের নেতৃবৃন্দ। কমিটির বরিশালের আহ্বায়ক অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলির সদস্য কমরেড অধ্যাপক আ. ছত্তার, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ আজিজুর রহমান খোকন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হারুন অর রশিদ মাহমুদ, বাসদের বরিশাল জেলা কমিটির সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ ও বিডিআর গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন, আহত হয় বহু মানুষ। ঘটনার ১৫ বছর হয়ে গেলেও এখনো বাস্তবায়ন হয়নি ফুলবাড়ীবাসীর সঙ্গে হওয়া ছয় দফা চুক্তি।