চট্টগ্রামে নালায় নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের সন্ধান মেলেনি দুই দিনেও। গত বুধবার বেলা ১১টার দিকে তুমুল বৃষ্টির মধ্যে নগরীর মুরাদপুর এলাকায় নালায় পড়ে স্রোতের টানে হারিয়ে যান ৬৫ বছরের বৃদ্ধ সালেহ আহমেদ। ঘটনার পর থেকেই তার সন্ধানে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। বুধবার সারা দিন এবং গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তন্নতন্ন করে খুঁজেও নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি।

গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখার সময় ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, গত দুই দিনে ঘটনাস্থল        মুরাদপুর থেকে কর্ণফুলী নদীর কালুরঘাট পয়েন্ট পর্যন্ত খুঁজেও আমরা নিখোঁজ ব্যক্তির সন্ধান পাইনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার বেলা ১১টার দিকে সালেহ আহমেদ একটি বাস থেকে নেমে নালার পাড় ধরে হেঁটে আসছিলেন। হঠাত্ তিনি ভারসাম্য হারিয়ে পা পিছলে নালায় পড়ে যান। এ সময় এক লোক তাকে টেনে ধরতে হাত বাড়িয়েছিলেন। কিন্তু তিনি আর উঠতে পারেননি। ঐ সময় পানির স্রোত বেশি ছিল। তাই ধারণা করা হচ্ছে, নালায় পড়ে পানির তোড়ে ভেসে গেছেন তিনি। পেশায় ব্যবসায়ী সালেহ আহমেদ চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর ছোট-বড় অনেক নালার ওপরে স্ল্যাব নেই। এমনকি নালার পাশে নেই নিরাপত্তা বেষ্টনী। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে দায় এড়ানোর প্রবণতা রয়েছে। এছাড়া ওয়াসা, কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে নগরীর রাস্তাগুলোতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব নালা ও গর্ত পরিণত হয় মরণফাঁদে। বৃষ্টির পানি ও নালার পানি একাকার হয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় পড়ে।