সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর

দোহার প্রতিশ্রুতি রাখছে না তালেবান, ভারতীয়দের দেশে আনাই অগ্রাধিকার

আফগানিস্তানে আটকা পড়া ভারতীয় নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এখন ভারত সরকারের অগ্রাধিকার। গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে আফগান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, অন্তত ১৫ হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার ইচ্ছা প্রকাশ করে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা বেশির ভাগ মানুষকেই সরিয়ে এনেছি।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বৈঠকে জয়শঙ্কর যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন কীভাবে তাদের লোকেদের সরিয়ে নিয়ে যাচ্ছে তাও সবিস্তারে বিরোধী নেতাদের জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদি গত দুদিন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। তিনি নিজেও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে কথা বলেন। ভারত যত বেশি সম্ভব মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে পিটিআইকে জানিয়েছেন জয়শঙ্কার।

তালেবানের কার্যকলাপ নিয়েও বিরোধী নেতাদের অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি উপস্থিত রাজনৈতিক নেতাদের বলেন, তালেবান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দোহায় দেওয়া প্রতিশ্রুতি রাখছে না। গত সপ্তাহে কাবুলের পতনের ঠিক আগে রয়টার্সের এক খবরে বলা হয়েছিল, তত্কালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগের বিনিময়ে দুই সপ্তাহের জন্য অস্ত্রবিরতি ঘোষণা করবে তালেবান। পাশাপাশি অন্তর্বর্তী সরকার নিয়েও আলোচনায় বসবে। কিন্তু কার্যক্ষেত্রে তার কোনোটিই মানেনি তারা।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও বৈঠকে সরকারের পক্ষ থেকে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সদস্য পীযূষ গয়াল এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি। বৈঠকে ৩১টি বিরোধী দলের নেতাদের মধ্যে হাজির ছিলেন সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, তৃণমূল এমপি সৌগত রায়, এনসিপি প্রধান শরদ পওয়ার, কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খড়গে, লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রমুখ। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী মোদির নির্দেশ অনুযায়ী বিরোধী নেতৃত্বের সামনে সামগ্রিক পরিস্থিতি বর্ণনা করেন জয়শঙ্কর। সূত্র জানায়, উপস্থিত নেতারা জানিয়েছেন, সমালোচনা নয় বরং এই পরিস্থিতিতে সরকারের হাত শক্ত করাই তাদের উদ্দেশ্য।

মল্লিকার্জুন খড়গে এনডিটিভিকে বলেন, আফগান ইস্যুতে আমরা সরকারকে সমর্থন করেছি। আমাদেরকে দেশ ও জাতির স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। বিজেডি নেতা প্রসন্ন আচার্য বলেন, আফগানিস্তান ইস্যুতে ভারত একা হয়ে পড়েছে এমন খবর সরকার নাকচ করেছে। জনগণকে সরিয়ে আনার প্রচেষ্টা জোরালো করা হয়েছে।