বাল্যবিবাহের হার ইস্যুতে সংসদীয় কমিটির মন্তব্যে ক্ষোভ মহিলা পরিষদের

বাল্যবিবাহের হার বৃদ্ধির বিষয়ে সংসদীয় কমিটির মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় মন্তব্য করা হয়—‘অল্প বয়সে মেয়েরা বাড়ি থেকে পালিয়ে বিবাহ করায় বাল্যবিবাহের হার বৃদ্ধি পাচ্ছে।’ গতকাল রবিবার সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে বাল্যবিবাহের হার বৃদ্ধি পেয়েছে, যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় স্বীকার করলেও তারা যে কারণ উল্লেখ করেছে তাতে প্রকৃত কারণসমূহকে আড়াল করা হয়েছে, যা দুর্ভাগ্যজনক। বিবৃতিতে আরো বলা হয়, করোনাকালে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঘরে আছে, বৃদ্ধি পেয়েছে পারিবারিক সহিংসতা। করোনাকালে মানুষের আয় কমেছে। এর ফলে কন্যা শিশুকে বিবাহ দেওয়া হচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন গুরুত্ব না পাওয়া এবং এ বিষয়ে যথাযথ মনিটরিংয়ের অভাব সর্বোপরি বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ শর্তও বাল্যবিবাহ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করে বাংলাদেশ মহিলা পরিষদ।