রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে মদ বিক্রি

রাজধানীর গুলশানে কালাম রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ঐ রিয়েল এস্টেটের মালিকের ছেলে ফয়সাল চৌধুরী ও তার দুই গাড়িচালককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গুলশান-১ নম্বর সার্কেলের ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির ৫ম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১৪৯ বোতল বিদেশি মদ জব্দ করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, কালাম রিয়েল এস্টেট নামক ঐ প্রতিষ্ঠানের মালিকের ছেলে ফয়সাল চৌধুরী আবাসন ব্যবসার কথা বলে গুলশান-১ নম্বরের ঐ ফ্ল্যাটটি ভাড়া নেন। সেই বাড়িতে তিনি আবাসন ব্যবসার আড়ালে মদ সরবরাহের ব্যবসা করে আসছিলেন দীর্ঘদিন ধরে। এসব তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম গুলশানের ঐ প্রতিষ্ঠানে অভিযান চালায়।

উপ-পরিচালক রাশেদুজ্জামান আরো বলেন, ঐ বাসার আলমারি থেকে শুরু করে সব জায়গায় মদের বোতল পাওয়া গেছে। তারা এসব মদ কোথা থেকে সংগ্রহ করত কিংবা কতদিন ধরে সংগ্রহ করছে, তারা কাদের কাছে পৌঁছে দিত তা জিজ্ঞাসাবাদে জানা সম্ভব হবে। ঐ ফ্ল্যাট ছাড়াও গুলশানের ১১৩ নম্বর রোডের কালাম রিয়েল এস্টেটের আরো একটি অফিস থেকেও বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় সেখান থেকে দুটি গাড়িও জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ঐ দুই গাড়ির চালক ইব্রাহিম ও আলমকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ফয়সালের কাছে ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নেওয়া মদ পানের লাইসেন্স থাকলেও পরে সেটি আর নবায়ন করা হয়নি। আর মদ সেবনের লাইসেন্স থাকলেও এত মদ মজুত কিংবা সংরক্ষণ করার আইনগত  কোনো বৈধতা নেই।