ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী উপহারের তৃতীয় চালানের ৪০টি অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।
ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে গতকাল ৪০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছে। বাকিগুলো আগামী সেপ্টেম্বর মাস নাগাদ পর্যায়ক্রমে পৌঁছাবে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বৃহস্পতিবার সকালে ভারত সরকারের উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর এসে পৌঁছে। খুব তাড়াতাড়ি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে। সিঅ্যান্ডএফ উত্তরা মটরসের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের ৪০টি অ্যাম্বুলেন্সের কাগজপত্র কাস্টমসে দেওয়া হয়েছে।
বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবীর তরফদার বলেন, ভারত সরকারের উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স বন্দরে রাখা হয়েছে। খুব দ্রুত বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকায় পাঠানো হবে।