গাজীপুরের কালিয়াকৈরে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ঘণ্টাখানেক পর অর্ধশতাধিক পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন নামক পোশাক কারখানায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে কারখানাটিতে টিকা-কার্যক্রম বন্ধ রাখা হয়। অসুস্থ শ্রমিকদের পরে কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। শ্রমিকরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন চিকিত্সকরা।
জানা গেছে, গতকাল সকাল ১০টা নাগাদ মৌচাক ফ্যাশন কারখানায় শ্রমিকদের সিনোফার্ম ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। ঘণ্টাখানেক পর থেকে টিকা নেওয়া কয়েক জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরো অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকরা জানান, টিকা নেওয়ার ঘণ্টাখানেক পর তারা অসুস্থ বোধ করেন। এরপর তারা অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বুঝতে পারেন তারা হাসপাতালের বেডে রয়েছেন। সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সোহেল রানা জানান, টিকা দেওয়ার কিছুক্ষণ পর থেকে শ্রমিকেরা অসুস্থ হওয়ায় প্রাথমিক চিকিত্সা দিয়ে তাদের বাসায় পাঠানো হয়েছে। গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান জানান, তারা সাইকোজেনিক বা মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। যার ফলে তারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। ভয়ের কিছু নেই। তারা চিকিত্সা নিচ্ছেন। আমরা আবারও টিকা কার্যক্রম শুরু করব।