করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জনই সিলেট জেলার। বাকী ২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হন আরও ১৮৮ জন।
শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার সিলেট বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু ও ১৮১ জনের শনাক্ত হন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১৭ দশমিক ৩০ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১৭ দশমিক ২২ শতাংশ, সুনামগঞ্জে ১০ দশমিক ৭৭ শতাংশ, হবিগঞ্জে ২১ দশমিক ৭৭ শতাংশ এবং মৌলভীবাজারে ১৯ দশমিক ৭২ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ১৮৮ জনের মধ্যে ১১৯ জনই সিলেট জেলার বাসিন্দা।
সব মিলিয়ে এ বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫২ হাজার ২২৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ২৬৩ জন। সুনামগঞ্জে ৬ হাজার ৫১ জন। হবিগঞ্জে ৬ হাজার ২৬৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৬৪৪ জন। একই সময়ে সিলেটে ৩৮৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। বিভাগে এ পর্যন্ত মোট ৪২ হাজার ৫৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৪৯ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭০ জন মারা গেছেন।
ইত্তেফাক/এমএএম