স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বৈরাতি খয়বতপুরে নির্মিত সেতুর দুই পাশে মাটি ভরাট করা হয়নি। ফলে শুকনো মৌসুমে সেতু পার হতে মই ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন, মজিবুর রহমান ও জীবন মিয়াসহ অনেকে জানান, সেতুর দুই পাশে মাটি না দেওয়ায় এটি কোনো কাজেই আসছে না। মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া জানান, দুই পাশের সড়কে মাটি না দেওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশফিকুর রহমান বলেন, সেতুর দুই পাশের সড়কে অবশ্যই মাটি ভরাট করে দেওয়া হবে। মাটি না পাওয়ায় সেতুর দুই পাশে ভরাট করা সম্ভব হয়নি।