দামুড়হুদায় ভারী বর্ষণে তলিয়ে গেছে ধানখেত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুড়হুদায় বৃহস্পতিবার রাতের ভারী বর্ষণে তলিয়ে গেছে নিচু এলাকার জমির পাকা ও আধাপাকা ধানখেত। এতে বিপাকে পড়েছে কৃষকরা। বাধ্য হয়ে অনেকে জমি থেকে কাঁচাপাকা ধান কাটছেন। কৃষক আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম ও কাছেদ মণ্ডল জানান, বৃহস্পতিবারের মতো যদি আবারও ভারী বর্ষণ হয়, তাহলে এলাকার সব কাঁচা, আধাপাকা ও পাকা ধান পানিতে তলিয়ে যাবে। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অতিবর্ষণে আমন খেতে পানি জমে আছে। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এ বছর দামুড়হুদা উপজেলায় ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।