শরণখোলায় আমন ধানের চারার সংকট

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় আমন ধানের চারা সংকটে পড়েছেন কৃষকরা। এ মৌসুমে তারা আমনের আশানুরূপ উত্পন্ন না হওয়ার আশঙ্কা করছেন। অনেকে বিভিন্ন স্থান থেকে চড়া দামে ধানের চারা কিনছেন। সাম্প্রতিক ভারী বর্ষণে উপজেলায় আমনের বীজতলা নষ্ট হওয়ায় ধানের চারার এ সংকট দেখা দিয়েছে।

বকুলতলা গ্রামের কৃষক ওহাব মীর, চালিতাবুনিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম ও মধ্য খোন্তাকাটা গ্রামের সাইদুর রহমান মুন্সি জানান, কয়েক দিন আগের ব্যাপক বৃষ্টিপাতে তাদের আমন ধানের বীজতলা নষ্ট হয়েছে। এখন তারা আমন রোপণ করতে পারছেন না। ধানসাগর ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, তার ব্যাপক জায়গার বীজতলা নষ্ট হওয়ায় দুই দিন আগে তিনি পার্শ্ববর্তী জেলা পিরোজপুর থেকে দুই ট্রাক আমনের চারা চড়া দামে কিনে এনেছেন। এ বছর আশানুরূপ আমন ধান উত্পন্ন না হওয়ার আশঙ্কা করছেন তিনি।

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন জানান, জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমন রোপণের মূল সময়। উপজেলায় এ বছর ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা হলেও এ পর্যন্ত সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে কৃষকদের দেওয়া বীজধান থেকে গজানো চারা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পরে রোপণ করা যাবে। সেক্ষেত্রে চারার সংকট হবে না।