রামেক হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যু কমে ৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো কমেছে মৃতের সংখ্যা। তবে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। ফলে কমানো হয়েছে করোনা ইউনিটের ওয়ার্ড এবং শয্যার সংখ্যাও। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে আরো চার জনের মৃত্যু হয়েছে। প্রায় তিন মাস পর এটাই এক দিনে করোনা ও উপসর্গে সর্বনিম্ন মৃত্যু বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের দুই জন করোনা পজিটিভ এবং দুই জনের করোনার উপসর্গ ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর দুই জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও কুষ্টিয়ার একজন।