আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালে গৃহবধূ সাবিনা বেগম (৩৪) হত্যা মামলার পলাতক আসামি রাকিব মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা আগৈলঝাড়া উপজেলার আহুতিবাটরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পিবিআই এসপি মো. হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে বলেন, গৃহবধূ সাবিনা বেগমকে হত্যার পর লাশ গুমের জন্য ড্রামে ভরে বাসযোগে ভুরঘাটা নেওয়া হচ্ছিল। হত্যাকারীরা গৌরনদী বাসস্ট্যান্ডে বাস থেকে সটকে পড়ে। ভুরঘাটা বাস টার্মিনালে গিয়ে বাসের সুপারভাইজার ড্রাম খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। এ ঘটনায় ২০২০ সালের ২০ নভেম্বর থানায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল খালেক হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। খালেক হাওলাদারের স্বীকারোক্তি মতে গ্রেফতারকৃত রাকিব মোল্লার নাম আসে। বৃহস্পতিবার পিবিআই তাকে গ্রেফতার করে।