ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি, দুর্ঘটনাস্থলে স্বজনদের আহাজারি

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের ধাক্কায় ট্রলারডুবির খবর পেয়ে স্বজনরা দুর্ঘটনাস্থলে ছুটে এসেছেন। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এদিকে উদ্ধার অভিযানে ধীরগতির অভিযোগ করেছেন স্বজনহারারা।

স্বজনদের খোঁজে আসা রফিক নামে এক যু্বক বলেন, ‘এক সপ্তাহ আগে আমার বোনের বিয়ে হয়েছে। দুলাভাইকে নিয়ে এই ট্রলারে আমার বোন আসছিল। দুলাভাইয়ের খোজ পেলেও একমাত্র বোনের খোঁজ পাচ্ছি না।’ 

আঁখি আখতার নামে এক যাত্রী বলেন,  ‘ট্রলারে আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলাম। ট্রলার ডুবে যাওয়ার পর আমি সাঁতরে কূলে উঠতে পারলেও  ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির সন্ধান পাইনি।’ উদ্ধার অভিযান শুরু করতে প্রশাসন দেরি করেছে বলে তিনি অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জানান, এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বালুবোঝাই ট্রলারটি আটক করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি পানির নিচে আছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক  যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।  শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায়।

 

ইত্তেফাক/ইউবি