একাধিক মাধ্যমে পুলক

 

পুরো নাম ইউসুফ ইকরাম পুলক। তবে দীর্ঘদিন ধরে উপস্থাপনা ও সংবাদ পাঠে পুলক নামেই পরিচিত। শোবিজের এই কর্মযজ্ঞ পুলকের পেশা না হলেও মন-প্রাণে ভালোবেসেই কাজটি করেন। সম্প্রতি বাংলাদেশ বেতারের এফএম সেকশনে নিয়মিত দুটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। পাশাপাশি একাধিক স্যাটেলাইট চ্যানেলে সংবাদ পাঠক হিসেবে কাজ করছেন। পুলক বলেন, ‘আবৃত্তিতে বিভিন্ন পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছি। তাই নিজের উচ্চারণ নিয়ে এক ধরনের আত্মবিশ্বাস জন্মেছিল বলেই উপস্থাপনা করতাম বিভিন্ন স্টেজে। কিন্তু পেশাগতভাবে এটাকে নিতে না পারলেও এই সৃজনশীলতাকে কখনো ছাড়িনি। সেক্ষেত্রে নিজের চেষ্টাতেই একটু একটু করে এগুতে চাই। তবে এখনকার একাধিক ডিজিটাল প্লাটফর্মেও কিছু যাচ্ছে তা উপস্থাপনা খুুবই লজ্জিত করে। আমি মনে করি উপস্থাপনা বা সংবাদ পাঠে মেইনস্ট্রিম মিডিয়ার কোনো বিকল্প নেই। অনেকে সংবাদ পাঠকেও ভাঙতে চান নানাভাবে। কিন্তু টিভি বা রেডিওতে সংবাদ পাঠের যে উচ্চারণ এবং বাচনভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ সেটিতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত।’ উল্লেখ্য, পুলক টিভি ও বাংলাদেশ বেতারে উপস্থাপনা ছাড়াও দুটি ট্রাভেল পেজে বিভিন্ন গুণী মানুষদের নিয়ে টকশো উপস্থাপনা করে থাকেন।