এএফপি
নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি শহরে বোকো হারাম যোদ্ধাদের হামলায় ১৬ সৈন্য নিহত এবং অন্য ৯ জন আহত হয়েছেন। অঞ্চলটি জিহাদিদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। প্রতিরক্ষামন্ত্রী আলকাসৌম হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘বোকো হারামের কয়েক শ’ যোদ্ধা মঙ্গলবার রাতে দিফা অঞ্চলের বারৌয়া এলাকায় আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর অবস্থানে হামলা চালায়। তারা লেক শাদ থেকে সেখানে আসে।’ তিনি আরো বলেন, এ সময় ‘নাইজেরীয় সৈন্যের পালটা অভিযানে প্রায় অর্ধশত সন্ত্রাসী নিহত হয়েছে এবং সেখান থেকে তারা বহু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।’
২০১৫ সালে জিহাদিদের ভয়াবহ হামলার ঘটনার পর জুনে বারৌয়া এলাকায় প্রায় ৬ হাজার মানুষ ফিরে আসার মাত্র দুই মাস পর সেখানে এ হামলা চালানো হলো। এ অঞ্চলের প্রায় ২৬ হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়িতে ফিরে আসতে উত্সাহিত করার এক কর্মসূচির আওতায় এসব মানুষ ফিরে আসে। এ মাসের গোড়ার দিকে নাইজার জানায়, জিহাদিবিরোধী অভিযান জোরদার করতে তারা সেখানে একটি বিমান ঘাঁটি নির্মাণ করবে।