কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ৯ জন নিহত

কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আগুন লাগার পর সিরিজ বিস্ফোরণে ৯ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ সেনাসদস্য রয়েছে। শুক্রবার মধ্য এশীয় দেশটির কর্তৃপক্ষ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে। রয়টার্স ও আরব নিউজ

কাজাখস্তানের প্রতিরক্ষামন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাম্বিল প্রদেশের সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঐ ঘাঁটিতে প্রকৌশল কাজে ব্যবহারের বিস্ফোরক মজুত ছিল। আগুন নেভাতে গিয়ে ঐ পাঁচ সেনার মৃত্যু হয় বলেও জানিয়েছেন ইয়েরমেকবায়েভ।

কাজাখ এই প্রতিরক্ষামন্ত্রী পরে রেডিও ফ্রি ইউরোপের স্থানীয় আউটলেট আজাতিককে জানান, সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনার পর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তা গৃহীত হয়েছে কি না, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।

বৃহস্পতিবার জাম্বিলের ঐ সামরিক ঘাঁটিতে আগুন লাগার পরপরই কর্তৃপক্ষ কয়েক শ লোককে আশপাশের এলাকাগুলো থেকে সরিয়ে নেয়। কাজাখস্তানের সবচেয়ে বড় শহর অ্যালম্যাটির সঙ্গে জাম্বিল প্রদেশের মূল সংযোগ সড়কটিও বন্ধ করে দেওয়া হয়েছিল।