ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত

স্পোর্টস ডেস্ক

বড় লিডের চাপ। তাতে ইনিংস হারের শঙ্কাটাই বেশি। ছন্দে থাকলে যে এই উইকেটে লম্বা সময় ব্যাটিং সম্ভব সেটা দেখিয়েছেন জো রুট। সেই ছন্দ খুঁজেই হেডিংলিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫৮ রান পিছিয়ে থেকে তাদের সংগ্রহ এক উইকেটে ৯৬ রান। রোহিত শর্মা ৫০ রান ও চেতেশ্বর পুজারা ৩৩ রানে ব্যাট করছেন।

এর আগে ৪২৩ রানে আট উইকেট নিয়ে  তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। বৃষ্টিভেজা সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে খুব বেশি দেরি করেনি ভারত। ৩ দশমিক ২ ওভারের  ভেতরই তুলে নেয় বাকি দুই উইকেট। যার ফলে ৩৫৪ রানের লিড নিয়ে ৪৩২ রানে থামে   ইংলিশরা। ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মোহাম্মদ শামি।  

প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হওয়ার দুঃস্বপ্ন ভুলে ফের নতুন শুরুর আশায় নামে সফরকারীরা। তবে দলীয় ৩৪ রানেই পথ হারান ওপেনার লোকেশ রাহুল। লর্ডস টেস্টের এই সেঞ্চুরিয়ান আট রান করে ক্রেইগ ওভারটনের বলে ক্যাচ দেন স্লিপে থাকা জনি বেয়ারস্টোকে। এরপর পুজারাকে নিয়ে হাল ধরেন রোহিত।