আসুন এবার

এই সময়ের ছড়া 

তারেক রেজা

 

বৃষ্টি হলেই শহর জুড়ে দেখছি জলাবদ্ধতা

বৃষ্টি নিয়ে কাব্য করো—আমি বলি গদ্য তা

ডুবছে মানুষ রিকশা গাড়ি—

গলাজলে বাসের সারি

দেখে শুনে নীরব থাকা মানে বোকার হদ্দ তা

পচা জলে মানুষ ডোবে—তবু ভাবো পদ্য তা।

 

ক্ষত না হয় রাখো ঢেকে ম্যানহোলে নেই ঢাকনা

মেয়র সাহেব ধমক দিলেন—চুপটি করে থাক না

না হয় গেলাম চুপ করে

চালাও গাড়ি খুব জোরে

ভেবেছিলে তোমার গাড়ির চালক অতি পাকনা

ডুব দিয়েছে—দুহাত তুলে বাঁচাও বলে ডাক না।

 

কে রেখেছে রাস্তা কেটে—তাই নিয়ে খুব যুদ্ধ

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে—মানুষ অবরুদ্ধ

মন্ত্রী বলেন এসব কাজ

কার ছিল খোঁজো আজ

নগরবাসী শান্ত থাকুন—লাভ কী হয়ে ক্রুদ্ধ

আসুন এবার সবাই মিলে শহর করি শুদ্ধ।