১১ দিনের মাথায় সি-ট্রাক বিকল চলাচলে দুর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা-সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের জামথল ঘাট রুটে যমুনা নদীতে সি-ট্রাক চালুর ১১ দিনের মাথায় সেটি বিকল হয়ে পড়েছে। চার দিন ধরে সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় সি-ট্রাকে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি বেড়েছে। তারা এখন নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

গত ২৩ আগস্ট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালিত শহিদ আবদুর রউফ সেরনিয়াবাত সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। উদ্বোধনের পর থেকে জামথল ও কালীতলা ঘাটের মধ্যে প্রতিদিন একবার করে যাত্রী পারাপার করা হয়। ২০০ যাত্রী ধারণক্ষমতার ঐ সি-ট্রাকে কিছু আসন খালি রেখেই চালু ছিল। কিন্তু গত রবিবার যাত্রী নিয়ে ঘাট ছাড়ার পর যমুনার মাঝনদীতে সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে উদ্ধারকারী ফেরির সহযোগিতায় সি-ট্রাকটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নিকটবর্তী জামথল ঘাটে নেওয়া হয়। পরদিন ২৪ আগস্ট থেকে এই সার্ভিস বন্ধ রয়েছে।

এদিকে সি-ট্রাক সার্ভিস বন্ধ হওয়ায় এই নৌ-রুটে খেয়ানৌকা, ভাড়া নৌকা এবং রিজার্ভ নৌকাগুলোতে যাত্রীর অতিরিক্ত চাপ বেড়ে গেছে। খেয়ানৌকাতে ১০০-এর বেশি যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। মোটরসাইকেলে পরিপূর্ণ ছিল নৌকাগুলো। অতিরিক্ত যাত্রী বহন করায় প্রতিনিয়ত নৌকাডুবির আশঙ্কা রয়েছে। সারিয়াকান্দির পারতিতপরল গ্রামের উন্নয়ন কর্মী বলেন, তিনি জামালপুরের সরিষাবাড়িতে চাকরি করেন। সি-ট্রাক সার্ভিস বন্ধ থাকায় তার চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। রংপুরের বাসিন্দা আবু সাঈদ নামের একজন বলেন, আমি এবং আমার ছয় সহপাঠীসহ রংপুর থেকে এখানে এসেছিলাম সি-ট্রাকে ভ্রমণ করতে। এসে জানতে পারলাম কয়েক দিন ধরে সি-ট্রাক বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির চার্টার্ড ফেরিসেবার ইজারাদার জাহিদুর রহমান বলেন, পুরোনো এই সি-ট্রাকের ইঞ্জিন তেমন ভালো নয়। ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি বিআইডব্লিউটিসিকে জানানো হয়েছে। তারা নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে কারিগরি দল পাঠিয়েছে। তারা কাজ করছে। ইঞ্জিন সারাতে আগামী রবিবার পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সি-ট্রাক বিকল হওয়ায় যাত্রী পারাপারে সমস্যা হয়েছে। বিআইডব্লিউটিসি মেরামতে কাজ করছে। আশা করি অতিদ্রুতই ঘাটে পারাপার স্বাভাবিক হবে।