মাওয়ায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় জুলহাস হাওলাদার (৩৫) নামক এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পদ্মা সেতুর ১০ জন নিরাপত্তা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ আরো জড়িতদের  গ্রেফতারে অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লৌহজং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে জুলহাস নামের এক অটোরিকশাচালককে পদ্মা সেতুর কাজে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা চুরির অভিযোগে রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে এ রিপোর্ট    লেখা পর্যন্ত (বিকাল ৬টা) ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে—সেলিম, রাব্বি, তপু, আল আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইসরাফিল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জুলহাস হাওলাদার উপজেলার কুমারভোগ পুনর্বাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, চুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। পদ্মা সেতুর ১০ জন নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করার কথা স্বীকার করে বলেন এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।