আগস্টের ২৭ দিনে ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসের ২৭ দিনে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ৬ হাজার ৬৪৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দেশে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে মারা গেছে ১২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় (২৬ আগস্ট সকাল ৮টা থেকে ২৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৬৯ জন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি ৪১ হাসপাতালে ভর্তি আছেন ৯০৫ জন। আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, চলতি বছরে মোট ৯ হাজার ৩০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ২৩০ জন হাসপাতালে চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন।