চট্টগ্রামে নালায় হারিয়ে যাওয়া বৃদ্ধের খোঁজ মেলেনি তিন দিনেও। তাকে উদ্ধারে গতকাল শুক্রবারও নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ফায়ার সার্ভিস। তবে সন্ধ্যায় তৃতীয় দিনের অভিযান শেষ করার সময় পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়া ব্যক্তি জীবিত নেই বলেই আশঙ্কা ফায়ার সার্ভিসের। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের লিডার হাসানুল আলম ইত্তেফাককে বলেন, গত দুই দিনের মতো আজও আমরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান করেছি। তবে এখনো তাকে পাইনি। নালাগুলোতে প্রচুর ময়লা-আবর্জনার কারণে অভিযানে খুব বেগ পেতে হচ্ছে। আমাদের ধারণা, হারিয়ে যাওয়া ব্যক্তি নালায় জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপের নিচে কোথাও চাপা পড়েছেন। এরপর তীব্র স্রোতের কারণে সেখান থেকে আর বের হয়ে আসতে পারেননি। তেমনটা হলে দুর্ভাগ্যজনকভাবে আমরা হয়তো তাকে আর জীবিত খুঁজে পাব না। তবে তার সন্ধানে অভিযান অব্যাহত থাকবে।
গত বুধবার বেলা ১১টার দিকে তুমুল বৃষ্টির মধ্যে নগরীর মুরাদপুর এলাকায় নালায় পড়ে স্রোতের টানে হারিয়ে যান ৬৫ বছরের বৃদ্ধ সালেহ আহমেদ। ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঐ ব্যক্তি বাস থেকে নেমে নালার পাড় ধরে হেঁটে আসছিলেন। হঠাত্ তিনি ভারসাম্য হারিয়ে পা পিচলে নালায় পড়ে যান। এ সময় এক লোক তাকে টেনে ধরতে হাত বাড়িয়েছিলেন। কিন্তু তিনি আর উঠতে পারেননি। ঘটনার পর তার সন্ধানে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।