আগামী রবিবার থেকে দেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে। তবে এর পূর্বপ্রস্তুতি হিসেবে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দিয়াবাড়ী থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার (সিপি-৮) এ বি এম আরিফুর রহমান। তিনি জানিয়েছেন, এসময় নিরাপদে চলেছে মেট্রোরেল। কোনো ধরনের সমস্যা হয়নি।
তিনি বলেন, মেট্রোরেলের উড়ালপথ কংক্রিটের দেয়ালবেষ্টিত। এ কারণে পথচারীরা মেট্রোরেল চলাচল দেখতে পাননি না। তবে সংশ্লিষ্ট সড়কের পাশে উঁচু ভবন থেকে অনেকে এই ট্রেন চলাচল দেখতে পেয়েছেন।
বিদ্যুত্চালিত ট্রেন খুব ধীরে ধীরে চালানো হয় এবং রেলপথের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে সমন্বয়কারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এই তথ্য জানা গেছে।
পরীক্ষামূলক চললেও যাত্রী নেওয়া হবে না জানিয়ে ডিএমটিসিএল সূত্র জানায়, ২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। দেশের প্রথম মেট্রোরেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ী থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।
ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, ভায়াডাক্টের ওপরে ট্রেন পরিচালনা করার জন্য প্রস্তুতি চলছে। আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপরে মেট্রোরেলের ট্রেন পরিচালনার জন্য যে ঘোষণা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতেই প্রস্তুতি চলছে। আজ শনিবার সব ধরনের প্রস্তুতি শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকার যানজট নিরসনে সরকার ছয়টি মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। দেশের প্রথম মেট্রোরেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ী থেকে এটি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের জন্য কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে। প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন থেকে জানা যায়, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৮.৪৯ শতাংশ। ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৬.৫৬৬ কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন শেষ হয়েছে। ১৭টি মেট্রো রেল স্টেশনের নির্মাণকাজ চলছে। দিয়াবাড়ীতে ডিপোর ভেতরে রেলপথ স্থাপনের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভায়াডাক্টের ওপরে মূল রেলপথে ১৫ দশমিক ৫০ কিলোমিটার রেলপথ স্থাপন করা হয়েছে। ১৫ কিলোমিটার বৈদ্যুতিক ওয়্যারিং সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে চারটি মেট্রো ট্রেনসেট ঢাকার উত্তরার ডিপোতে এসে পৌঁছেছে। এগুলোর ১৯ ধরনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। ট্রেন চালানো হবে বিদ্যুতের মাধ্যমে। উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁওয়ের মধ্যে মেট্রো রেলপথের জন্য নির্মিত হচ্ছে ৯টি রেল স্টেশন। তার মধ্যে কমপক্ষে পাঁচটি রেলস্টেশনের মধ্যে রেলপথের ভায়াডাক্টের ওপর ট্রেন পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও এই প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিলে যেতে লাগবে ৩৮ মিনিট। ঘণ্টায় দুই দিক থেকে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন হবে ১৬টি। শুরুতে ২৪টি ট্রেন দিয়ে মেট্রোরেল চালু করার কথা রয়েছে। প্রতিটি ট্রেনে প্রাথমিকভাবে ছয়টি করে বগি থাকবে। পরে তা আটটিতে উন্নীত করার পরিকল্পনা আছে। প্রাথমিক হিসাব অনুসারে, শুরুতে দিনে ৪ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। ২০৩৫ সালে যাত্রীসংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮ লাখের বেশি।