অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে —শিক্ষামন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের মতামত পেলে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিজ্ঞানসম্মতভাবে বলা হয়—আক্রান্তের সংখ্যা পাঁচ-এর নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সে পরিস্থিতি এখনো বাংলাদেশে হয়নি। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষক সমিতিসহ জাতীয় কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্যদের জীবনভিত্তিক পাঁচটি ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল গাজীপুর ক্যাম্পাসে মিডিয়া সেন্টারে ‘বঙ্গমাতার জীবনাদর্শ, অনুপ্রেরণা ও আত্মত্যাগ’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন আলোচনায় অংশ নেন।

এর আগে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে এসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম তাকে স্বাগত জানান।