স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলা থেকে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে বিভিন্ন জেলার ১৮ জন প্রার্থীকে নিয়োগ কার্যক্রমে চরম অনিয়মের প্রমাণ পেয়েছে পুলিশ সদর দপ্তর। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে একটি চক্র নিয়োগবাণিজ্য করে হাতিয়ে নিয়েছে প্রায় আড়াই কোটি টাকা। ঐ ১৮ জন প্রার্থীকে নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা বানাতে এলাকার জমি ক্রয় দেখিয়ে তা রেজিস্ট্রেশন করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দুই মাস বা এক মাস পর।
নিয়োগপ্রাপ্ত ঐ ১৮ জনকে ইতিমধ্যে বরখাস্ত করা হলেও এই অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। ইতিমধ্যেই পুলিশ সদর দপ্তরের একটি তদন্ত কমিটি এ ব্যাপারে বিশদ প্রতিবেদন দাখিল করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। গত ২০২০ সালের ১০ অক্টোবর দাখিলকৃত ঐ তদন্ত কমিটির প্রতিবেদনে জালিয়াতি ও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছিল।
তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল তারা হলেন—নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সাবেক ওসি আসলাম হোসেন, রূপগঞ্জ থানার সাবেক ওসি মাহামুদুল হাসান, আড়াইহাজার থানার সাবেক ওসি নজরুল ইসলাম, জেলার সাবেক ডিআইও-১ পুলিশ পরিদর্শক মোমিনুল ইসলাম, রূপগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন, এসআই শাহজাহান খান, রূপগঞ্জ থানার সাবেক এসআই শামীম আল নুর, সাবেক এসআই খায়রুল ইসলাম, আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ এসআই বিজয় কৃষ্ণ কর্মকার ও ফতুল্লা থানার সাবেক এসআই আরিফুর রহমান।