আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, চন্দ্রিমা উদ্যানে কী কারণে মাতম করেন? কাঠের বাক্সের মধ্যে জিয়াউর রহমানের লাশ ছিল সেটি প্রমাণ করুন? চট্টগ্রাম থেকে যে বাক্সটি আনা হয় সেই বাক্স তার স্ত্রী খালেদা জিয়াকেও খুলে দেখানো হয়নি। একটি কাঠের বাক্স দাফন করা হয়েছিল শুধু। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কোনো লাশ আছে বলে আমরা বিশ্বাস করি না। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্টকে খুঁজতে গেলে আমাদেরকে একাত্তরকে খুঁজতে হবে জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, সেদিন স্বাধীন বাংলা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কারা? বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুখ থুবড়িয়ে ফেলার ষড়যন্ত্র করেছিল কারা? কারা সেদিন পাকিস্তানের সামরিক গোয়েন্দাদের সহযোগী হিসেবে ভিতরে ঢুকে পড়ে মুক্তিযুদ্ধকে বিপদগ্রস্ত করতে চেয়েছিল ? সেদিন বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেশন করতে চেয়েছিল এই জিয়া-মোশতাকেরা।
আগস্ট মাস এলে মির্জা ফখরুলদের বুকে কাঁপন আসে দাবি করে নানক বলেন, এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ?মুজিবকে সপরিবারে হত্যা করে নির্বাচিত সাংবিধানিক সরকারকে উত্খাত করে সেদিন জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে হত্যাকারীদের পুরস্কৃত করেছিল। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল।’ মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘সবকিছু উন্মুক্ত হয়ে গেছে। বৃহস্পতিবার একটি আলোচনাসভায় বলেছেন, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? বাংলাদেশে ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছিল এই খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান আর মতিউর রহমান নিজামীরা এটা পরিষ্কার। তিনি বলেন, ২১ আগস্টে যে আর্জেস গ্রেনেড ব্যবহার করা হয় সেটি পাকিস্তানি সেনাবাহিনী ব্যবহার করে ও পাকিস্তানের ফ্যাক্টরিতে তৈরি হয়। সেই গ্রেনেড কীভাবে বাংলাদেশে এলো তার জবাবও চান জাহাঙ্গীর কবির নানক।