মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে একটি বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের বাচ্চা আটক করেছে এক কিশোর। শুক্রবার বিকালে উপজেলার হাসাইল বাজার মাছ ঘাট এলাকায় পদ্মা নদীর শাখা পয়েন্টে রাসেল ভাইপার সাপটি দেখতে পায় আলভী নামের স্থানীয় এক কিশোর। পরে ওই কিশোর সাপটিকে আটক করে একটি প্লাস্টিকের বোতলে ভরে ফেলে। কিশোর আলভী হাসাইল বাজারে হোটেল ব্যবসায়ী রিপন শিকদারের ছেলে।
কিশোরীর বাবা রিপন শিকদার বলেন, ন্যাশনাল জিয়োগ্রাফি ও ডিসকভারি টিভি চ্যানেল দেখে আমার ছেলে আলভী সাপ ধরা শিখেছে। সে সাপটি নদীতে ভেসে আসতে দেখে আটক করে প্লাস্টিকের একটি জারে বন্দি করে রাখে। সাপটি লম্বায় আনুমানিক দেড় ফিটের মত হবে।
তিনি আরও বলেন, উপজেলায় বন্যপ্রাণী বিভাগে সাপটি হস্তান্তর করার জন্য একাধিবার যোগাযোগ করা হলেও তারা একেক জন একেক নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেছেন। কিন্তু কেউ সাপটির দায়িত্ব নিতে চাচ্ছেন না।
স্থানীয়রা জানান ওই এলাকায় মাস খানেক পূর্বেও একটি বড় রাসেল ভাইপার আটক হয়েছিলো। পরে স্থানীয়রা পিটিয়ে সাপটি মেরে ফেলেন। কিছুদিন পর পর রাসেল ভাইপার আটকের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বন বিভাগের কর্মকর্তা মো. আবু তাহের বলেন, রাসেল ভাইপার একটি বিষাক্ত প্রজাতির সাপ। আমরা বন্যপ্রাণী বিভাগের সাথে যোগাযোগ করে শীঘ্রই সাপটি উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করব।
স্থানীয়দের অভিযোগ এধরনের সাপ ধরা পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এসে সংরক্ষণ করলে কেউ প্রাণী অযথা পিটিয়ে মেরে ফেলবে না। কিন্তু কেউ তো আসে না। পরবর্তীতে উপায় অন্তর না পেয়ে মেরে ফেলা হয় এ সকল পরিবেশ বান্ধব প্রাণীদের।
ইত্তেফাক/এমআর