রাজধানীর বংশাল থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে নয়াবাজারের নবাব সুপার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ফেনসিডিল ও গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, রহমত উল্লাহ সোহাগ (৩৫), মো. আ. মমিন (৩৮)। তাদের দুজনের বাড়ি কুমিল্লায়। পুলিশ জানায়, জব্দ করা ফেনসিডিলের মূল্য আনুমানিক ১২ হাজার টাকা। আর গাঁজার মূল্য ১০ হাজার টাকা।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান জানান, সকালে গোপন সংবাদে জানতে পারেন যে, নয়াবাজার ব্রিজ দিয়ে দুই মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রি করতে নিয়ে যাচ্ছেন। এরপর ওই থানার ইন্সপেক্টর (তদন্ত) মীর রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম নয়াবাজারে নবাব ইউসুফ মার্কেটের সামনের সড়কে একটি মোটরসাইকেল থামায়। পরে সেখানে সোহাগের হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
অপরদিকে মমিনের দেহ তল্লাশি করে তার জ্যাকেটের ভেতর থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এসআই রাকিবুল হাসান।
ইত্তেফাক/জেডএইচডি