ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলারডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম শনিবার স্থানীয়দের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
এদিকে শনিবার সকাল পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা শুরু হয়েছে । অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, কিছু মরদেহ ঘটনাস্থলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা সদর হাসপাতালে বাকি মরদেহ নিয়ে আসা হয়। স্বজনরা মরদেহ শনাক্ত করার পর হস্তান্তর করা হয়েছে। সদর হাসপাতালে ২০টি এবং ঘটনাস্থলে দুটি লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
ইত্তেফাক/ইউবি