ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৬৫ জন ভর্তি হয়েছেন। শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন শুক্রবার ১৮৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল। এক দিনের ব্যবধানে দেশে ৮১ জন ডেঙ্গু রোগী বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২১৪ জন ও ঢাকার বাইরে ৫১ জন ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৮ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৪১৫ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৪১ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু বাসায় থাকা এডিস মশার কামড়ে হয়। নগরীর চার পাশের ময়লা-আবর্জনার স্তূপ থাকা, নোংরা ড্রেন পরিষ্কার না করায় চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়ে গেছে। অথচ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করলেই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ইত্তেফাক/ইউবি