মডার্নার ‘দূষিত ডোজ’ নেওয়ার পর জাপানে দুই ব্যক্তির মৃত্যু

টিকায় অন্য উপাদানের উপস্থিতি পাওয়ার পর জাপানে মডার্নার কোভিড-১৯ টিকার বিপুলসংখ্যক ডোজের প্রয়োগ স্থগিত করার আগেই ঐ ‘দূষিত ডোজ’ নেওয়া দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর দিয়েছে। রয়টার্স

মারা যাওয়া দুই জনই পুরুষ, তাদের বয়স ৩০-এর ঘরে ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিন পর চলতি মাসে ঐ দুই জন মারা যান। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। টিকায় অন্য উপাদান পাওয়ার পর জাপান গত সপ্তাহে তাদের দেশ জুড়ে ৮৬৩টি টিকাদান কেন্দ্রে পাঠানো মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয়। তারও সপ্তাহখানেক আগে জাপানে টিকাটি বিক্রি ও সরবরাহের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যাল টিকার কিছু শিশিতে দূষণের খবর পায়। অন্য যে উপাদান যুক্ত হওয়ায় টিকার কিছু ডোজ দূষিত হয়েছে বলে মনে করা হচ্ছে, তা সম্ভবত ধাতব কণা—জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।