সাবেক আফগান মন্ত্রী এখন জার্মানিতে ডেলিভারি ম্যান

আলজাজিরা

আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতা পালটে দিয়েছে দেশটির সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ সাদাতের জীবন। গত ডিসেম্বরে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন জার্মানিতে। তবে বাস্তবতার যে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন তিনি, সেটি জানলে হয়তো অনেকে অবাক হবেন। এক সময়ের আফগান সরকারের গুরুদায়িত্ব পালনকারী এ মানুষটি এখন ফুড ডেলিভারি ম্যান, বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়াই তার কাজ।

জার্মানির পূর্বাঞ্চলের শহর লিপজিগে বসবাস করছেন সৈয়দ সাদাত। লিপজিগের অলিগলিতে হরহামেশাই দেখা মেলে আফগান সরকারের সাবেক এ মন্ত্রীর। ২০১৮ সালে দায়িত্ব ছাড়েন তিনি। পরে আরো দুই বছর তিনি আফগানিস্তানে ছিলেন। তার দ্বৈত নাগরিকত্ব থাকায় তিনি চাইলে যুক্তরাজ্যেও যেতে পারতেন, যেখানে তার জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন। কিন্তু তিনি ২০২০ সালে জার্মানিতেই পুনর্বাসিত হন।

আইটি ও টেলিযোগাযোগ বিষয়ে ডিগ্রি থাকায় সাদাত জার্মানিতেই থাকতে চেয়েছিলেন ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু বহু চেষ্টা করেও তিনি তার শিক্ষা ও অভিজ্ঞতা অনুযায়ী চাকরি পাননি। তথ্যপ্রযুক্তি সম্পর্কিত কিছু করতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, ভাষা শেখাটা এখানে খুব জরুরি। প্রতিদিন তিনি ছয় ঘণ্টার ফুড ডেলিভারির কাজে যাওয়ার আগে চার ঘণ্টা ধরে একটি স্কুলে জার্মান ভাষা শিখছেন।

ফুড ডেলিভারি কাজ শুরু করতে প্রথমে একটু কষ্টই করতে হয়েছে সাদাতকে। তবে এখন ভালোই লাগে সৈয়দ সাদাতের। তিনি বলেন, ‘যতই আপনি বাইরের মানুষের সঙ্গে মিশবেন ততই শিখতে পারবেন। তার কাজের জন্য পরিবারের লোকজন সমালোচনা করলেও তার কাছে কাজ মানেই কাজ। ব্রিটিশ-আফগান দ্বৈত নাগরিকত্ব পাওয়া সৈয়দ সাদাত আরো বলেন, ‘এ কাজের জন্য আমার কোনো অনুতাপ নেই। আমি আশা করি আফগানিস্তানের অন্য রাজনীতিকরাও একই পথ অনুসরণ করবেন, পালিয়ে না থেকে বরং মানুষের সঙ্গে কাজ করবেন তারা।’