ভারতে এক দিনে কোটির বেশি টিকাদান

কয়েক মাস আগেই মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবনৃত্য দেখেছিল ভারত। তবে দেশটিতে এরই মধ্যে ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুহার অনেকাংশে কমে এসেছে। পরিস্থিতি আরো নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে টিকাদান মহাযজ্ঞ চলছে। এনডিটিভি

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, দেশ জুড়ে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এখনো পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট ৬২ কোটির বেশি টিকা প্রদান করা হয়েছে বলেও দাবি মন্ত্রণালয়ের। টিকাদান নিয়ে এমন পরিসংখ্যান প্রকাশ হওয়ার পর টিকাকরণ কর্মসূচিতে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘আজ রেকর্ড সংখ্যক টিকাকরণ হয়েছে। ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন এবং এই টিকাদান কর্মসূচিকে সফল করেছেন, সবাইকে অভিনন্দন।’ একই দিন সন্ধ্যায় পৃথক টুইট বার্তায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, দৈনিক টিকাদানের নিরিখে ভারতে এ পর্যন্ত ৯০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। টুইটে তিনি লিখেন, ‘দেশবাসীকে অভিনন্দন। দৈনিক টিকাদানের সংখ্যা ক্রমেই বাড়ছে।’ পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্য এক বিবৃতিতে জানানো হয়, দৈনিক টিকাদানের ঐ সংখ্যা ৯৩ লাখ ছাড়িয়ে গিয়েছে।