গঙ্গাচড়ায় তিস্তায় বিলীন হচ্ছে বৈদ্যুতিক খুঁটি

হুমকিতে ২০-২৫টি

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় তিস্তায় বিলীন হচ্ছে চরাঞ্চলের বৈদ্যুতিক খুঁটি। এতে ভেঙে পড়েছে বিদ্যুত্ব্যবস্থা। ক্ষতি হচ্ছে সরকারের লাখ লাখ টাকা। সরেজমিনে জানা যায়, রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর আওতায় এ বছর শত ভাগ বিদ্যুতায়নের জন্য তিস্তার চরাঞ্চলে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে তিস্তার পানি বৃদ্ধি পেলে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় ভাঙনে বৈদ্যুতিক তারসহ খুঁটি তিস্তায় বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, নদী শাসন না করে অপরিকল্পিতভাবে এসব খুঁটি স্থাপন করায় তিস্তার ভাঙনে খুঁটি বিলীন হয়ে সরকারের অনেক ক্ষতি হচ্ছে। বিদ্যুত্ কর্তৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও খুঁটি সরানোর ব্যাপারে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি।

স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী ভুট্টু বলেন, আর ১০০ ফুট ভাঙলে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের ২০-২৫টি খুঁটি তিস্তায় চলে যাবে। এর আগে প্রায় ১০০ খুঁটি তিস্তায় বিলীন হয়ে গেছে। রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর এ জি এম প্রমোদ কুমার দে বলেন, খুঁটি, তার, ইন্সুলিন এবং অন্যান্য যন্ত্রাংশ মিলে প্রতিটি খুঁটির দাম পড়ে ৬৫ হাজার টাকা।

রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর গঙ্গাচড়াস্থ জোনাল অফিসের ডি জি এম আব্দুল জলিল বলেন, শতভাগ বিদ্যুত্ সরবরাহ কার্যক্রম চলমান রাখতে চরেও বিদ্যুত্লাইন দেওয়া হয়েছে। লোকবল কম থাকায় বর্তমানে চর এলাকায় বিদ্যুত্ লাইন টেকানো মুশকিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।