সৈয়দপুরে লোকালয়ে দলছুট হনুমান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখপোড়া হনুমান। হনুমানটি এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াচ্ছে। কখনো হনুমানটিকে লোকালয়ে আবার কখনো বাজারে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আর হনুমানটিকে দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ। কেউ কেউ তাকে বিভিন্ন খাবার দিচ্ছে। শনিবার দুপুরে হনুমানটিকে সৈয়দপুর প্লাজা মার্কেটের সামনে দেখা যায়। এ বিষয়ে উপজেলা সামাজিক বনায়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শায়েখুল ইসলাম মুজকুরী বলেন, সম্ভবত হনুমানটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। হনুমানটিকে কেউ যেন বিরক্ত না করে সে বিষয়ে বন বিভাগ থেকে তদারকি করা হচ্ছে।