ইত্তেফাক ডেস্ক
পৃথক স্থানে বিদ্যুত্স্পৃষ্টে চার জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) :চাটখিল উপজেলা পশ্চিম সুন্দরপুর গ্রামে শনিবার ভোরে বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ হোসেন (৫০)। তিনি ঐ গ্রামের আবদুর রব মল্লিকের ছেলে। চাটখিল পল্লী বিদ্যুত্ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনা অবগত আছেন জানিয়ে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুর (লক্ষ্মীপুর) :রায়পুরের চরমোহনা ইউনিয়নে বিয়েবাড়ির আলোকসজ্জার বিদ্যুতের তারে জড়িয়ে শনিবার সকালে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আব্দুল বাসার (৪০)। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝিবাড়ির সিদ্দিক উল্যার ছেলে।
মিঠাপুকুর (রংপুর) :মিঠাপুকুরে শুক্রবার বিকালে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বিদু্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বিপুল মিয়া (২৪)। উপজেলার ভাংনি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। বিপুল মিয়া উপজেলার শ্যামপুর গ্রামের মাহাতাব মিয়ার ছেলে। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
হোসেনপুর (কিশোরগঞ্জ) :লোহার রড দিয়ে গাছ থেকে পেঁপে পাড়ার সময় বিদ্যুত্পৃষ্ট হয়ে মিজানুর রহমান শুভ (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত রইছ উদ্দিন সরকারের ছেলে।