সিংড়ায় নিখোঁজ নৌকার মাঝির লাশ উদ্ধার

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়া থেকে চলনবিলে ভাড়ায় যাত্রী নিয়ে নিখোঁজ নৌকার মাঝি আরজুর (৩০) লাশ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। গুরুদাসপুর উপজেলার বিলশা বিল থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকা থেকে রক্তমাখা অবস্থায় নৌকাটি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার তিনি নিখোঁজ হন। সিংড়ার চামারী ইউপি চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম মৃধা বলেন, বৃহস্পতিবার বিকালে বিলদহর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে চলনবিলে বেড়ানোর উদ্দেশ্যে বের হন আরজু মিয়া। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা  খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকায় আত্রাই নদী থেকে রক্তমাখা অবস্থায় নৌকাটি উদ্ধার করা হয়।

সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার বলেন, নৌকার মাঝি আরজু মিয়ার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। সিআইডির ক্রাইম টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।