ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

স্কোরবোর্ডের চাপটা এতই বেশি ছিল যে, এর ভারে নুয়ে পড়ল ভারত। কিন্তু তৃতীয় দিন শেষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছিল সফরকারীরা। তার ছিটেফোঁটাও দেখাতে পারেনি চতুর্থ দিন। গতকাল মাত্র প্রথম সেশনেই তাদের গুঁড়িয়ে দেয় ইংল্যান্ড। হেডিংলিতে একদিন বাকি থাকতেই দলকে ইনিংস ও ৭৬ রানের জয় এনে দেন ইংলিশ বোলাররা। যার ফলে, পাঁচ ম্যাচ মধ্যে তিন ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে সিরিজে।

২১৫ রানে ২ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। কোহলি আর পুজারার ব্যাটে লড়াইয়ের আশা বুনেছিল সফরকারীরা। কিন্তু ৯১ রানে অপরাজিত থাকা পুজারা গতকাল ফেরেন কোনো রান না করেই। অপরদিকে ৮ ইনিংস পর ফিফটির দেখা পাওয়া কোহলি ছিলেন কাঙ্ক্ষিত সেঞ্চুরির খোঁজে। কিন্তু ওলি রবিনসনকে খোঁচা মেরে ৫৫ রানে বিদায় নেন ভারতীয়  অধিনায়ক।

এরপর তাসের ঘরের মতোই ভেঙে পড়ে সফরকারীরা। মাত্র ৬৩ রান যোগ করে অলআউট হয় ২৭৮ রানে। নতুন বলে দুর্দান্ত থাকা রবিনসন একাই নেন ৫ উইকেট। আগের ইনিংসের দুই উইকেট মিলিয়ে ম্যাচ সেরার পুরস্কারটাও ভাগিয়ে নেন এই পেসার। পুরস্কার নিতে এসে জানালেন কোহলিকে আউট করার পেছনের কাহিনী, ‘কোহলির উইকেট পেয়ে ভালো লাগছে। বিশেষ করে যখন সে ওভারে দুটি চার মারল আমাকে। তার জন্য পরিকল্পনা সহজই ছিল, চতুর্থ ও পঞ্চম স্টাম্পের দূরে নিয়ে বল করা। আশায় ছিলাম সে খোঁচা মারবে এবং মেরেছেও।’ রবিনসনদের প্রশংসা না করে পারেননি কোহলিও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ম্যাচে টিকে থাকার জন্য গতকাল (পরশু) খুব ভালোই করেছিলাম আমরা। যতটা সম্ভব লড়াই করেছি এবং নিজেদের সুযোগ দিয়ে। কিন্তু ইংলিশ বোলাররা অসাধারণ চাপে রেখেছে আমাদের এবং অবশেষে তারা তাদের পছন্দমতো ফলই পেল।’

এদিকে, এই জয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল অধিনায়ক হয়ে গেলেন জো রুট। নেতৃত্ব দেওয়া ৫৫ টেস্টের ২৭ টিতেই জয় এনে দিয়েছেন তিনি। পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক মাইকেল ভনকে।  

সংক্ষিপ্ত স্কোর

ভারত :৭৮/১০ ও  ২৭৮/১০ (রোহিত ৫৯, পুজারা ৯১, কোহলি ৫৫, জাদেজা ৩০; রবিনসন ৬৫/৫, ওভারটন ৪৭/৩, অ্যান্ডারসন ৬৩/১, মঈন ৪০/১)

ইংল্যান্ড :৪৩২/১০ (রুট ১২১, মালান ৭০, হামিদ ৬৮, বার্নস ৬১; শামি ৯৫/৪)। ফল : ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী। ম্যাচ সেরা :রবিনসন। সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে তিন ম্যাচ শেষে ১-১ সমতা।