ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য মো. রেজাউল করিম বর্তমানে মারাত্মক অসুস্থ। অর্থ সংকটে তিন বেলা যেখানে খাওয়াই জোটে না সেখানে চিকিত্সার কথা তিনি ভাবতেই পারেন না। তাই বিনা চিকিত্সায় দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। জানা যায়, তিন সন্তানের জনক দৈনিক গণকণ্ঠের মফস্বল প্রতিনিধি রেজাউল করিম চলতি বছরের প্রথম দিকে দ্বিতীয় বারের মতো স্ট্রোক করে হাসপাতালে কিছুদিন চিকিত্সা গ্রহণের পর অর্থাভাবে হাসপাতাল ছেড়ে চলে আসেন। প্রায় পাঁচ মাস ধরে তিনি বাড়িতে শয্যাশায়ী। সহকর্মীরা সাধ্যমতো সহযোগিতা করছেন। কয়েক দিন আগে ধামরাই থানার ওসি মো. আতিকুর রহমান ঐ সাংবাদিকের চলাফেরার জন্য একটি হুইল চেয়ার নিয়ে তাকে দেখতে আসেন এবং তিনি তাকে আরো সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি উপস্থিত সংবাদকর্মীদের মাধ্যমে সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। এ সময় উপস্থিত ধামরাই প্রেসক্লাবের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংবাদিক মোকলেছুর রহমান, মিজানুর রহমান, আ. রউফ, মো. নাঈমসহ সাংবাদিকবৃন্দ রেজাউল করিমকে সহযোগিতার ব্যাপারে বিভিন্ন সংগঠন ও হূদয়বান ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন।